গত অর্থবছরের থেকে এবার বাজেটে বরাদ্দ কমেছে নির্বাচন কমিশনের (ইসি)। ২০২০-২১ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ১ হাজার ৭১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০১৯-২০ আর্থবছরে যা ছিল ১ হাজার ৯২১ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩টা ১৮ মিনিটে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত্ পথপরিক্রমা’ শিরোনামে বাংলাদেশের ৪৯তম বাজেটে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট। করোনা থেকে মুক্তি এবং মানুষের জীবন মানে স্বস্তি ফেরাতে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
প্রস্তাবিত বাজেটে দেখা গেছে, গতবছর নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ১ হাজার ৯২১ কোটি টাকা ছিল। এবার তা কমিয়ে ১ হাজার ৭১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ফলে এ অর্থবছরে বাজেট কমেছে ২০৪ কোটি টাকা।
সামনে সারা দেশে পৌরসভায় সাধারণ নির্বাচন এবং নির্বাচনে ইভিএম ব্যবহারের কারণে ব্যয় ১০ গুণ বেড়ে যাওয়ায় আগামী অর্থবছরে পরিচালন খাতে বরাদ্দ বাড়ছে। আর বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে অনুমোদিত তিনটি প্রকল্প রয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দের তুলনায় আগামী অর্থবছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে।
