লালমনিরহাটে কিশোরকে বর্বর নির্যাতন

দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন গ্রেফতার ৪

আপডেট : ১১ জুন ২০২০, ২২:৪৪

লালমনিরহাটে তেলের জারিকেন চুরির অভিযোগে কিশোর মোমিনুলকে বর্বর নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করেছে ‘তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা’। দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা নির্যাতনের তীব্র নিন্দা, সমালোচনা ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সম্পাদক গেরিলা লিডার             ড. এস এম শফিকুল ইসলাম, সংস্থার সভাপতি শহিদ ইসলাম সুজন, ভোলান্টিয়ার ফর বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলামসহ অনেকে। লাইভ মানববন্ধন সঞ্চালনা করেন বাংলাদেশ সম্মিলিত সামাজিক সংগঠক ফোরাম জেলা সভাপতি মৃদুল হাবীব।

উল্লেখ্য, গত মঙ্গলবার শহরের মিশন মোড়ে ইজিবাইক থেকে তেলের জারিকেন চুরির অভিযোগে ব্যবসায়ী আশরাফ আলী লালসহ কয়েক ব্যক্তি কিশোর মোমিনুল ইসলামের (১৬) ওপর বর্বর নির্যাতন চালায়। পরবর্তীতে ঐ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ আশরাফ আলী লালসহ চার জনকে গ্রেফতার করে। ভাইরাল হওয়া ২ মিনিট ৪৩ সেকেন্ডের ঐ ভিডিওটিতে কিশোরটিকে বারবার মাটিতে ফেলে বেধড়ক মারধর এবং পা দিয়ে মুখ ও গলা চেপে ধরার দৃশ্য দেখা গেছে। আত্মরক্ষার্থে ছেলেটি অনেকের পা জড়িয়ে ধরলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি। নির্যাতিত কিশোরের বাড়ি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চাঁদনি বাজার এলাকায়। তার পিতা নরুল হক। ভিডিওটি পুলিশ সুপারের নজরে এলে তার নির্দেশে সদর থানা পুলিশ ঘটনার তদন্তপূর্বক নির্যাতনকারী ব্যবসায়ী ও তার দুই কর্মচারীসহ ঐ চার জনকে গ্রেফতার করে। আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বুধবার নির্যাতিত কিশোর মোমিনুল বাদী হয়ে ঐ ব্যবসায়ীসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে।