পুলিশের প্রতি গণমানুষের ভালোবাসা ধরে রাখতে হবে ----------ডিএমপি কমিশনার

আপডেট : ১১ জুন ২০২০, ২৩:৫৭

করোনা ভাইরাসের সংকটে পুলিশের ধারাবাহিক কার্যক্রমে গণমানুষের মনে পুলিশের প্রতি একটা ভাবমর্যাদা তৈরি হয়েছে। পুলিশের প্রতি মানুষের এ ভালোবাসাকে ধরে রাখার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় ডিএমপি কমিশনার করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধাদের অভিনন্দন জানান এবং করোনায় মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিএমপি কমিশনার বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছে। এতে সারা দেশে পুলিশের একটি ভাবমূর্তি তৈরি হয়েছে। মানুষ পুলিশকে আপন করে নিয়েছে। মানুষের এ ভালোবাসাকে ধরে রাখতে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে হবে। আমরা মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। এ সুযোগ আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে।

এছাড়া সভায় প্রত্যেকটি থানা এলাকার কোথায়ও যেন পরিবহন সেক্টরে কোনো প্রকার চাঁদাবাজি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন কমিশনার। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।