বাজেটে পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে পেঁয়াজ আমদানিতে খরচ বাড়বে। জানা গেছে, মূলত স্থানীয় পেঁয়াজ উত্পাদনকারী কৃষকদের সুরক্ষা দেওয়ার জন্য এই শুল্ক আরোপ করা হয়েছে। কেননা দেশের বাজারে এখন পেঁয়াজের দাম কমতির দিকে। অন্যদিকে আমদানিকৃত পেঁয়াজের দামও কমছে। এ পরিস্থিতিতে ঢালাও পেঁয়াজ আমদানি হতে থাকলে স্থানীয়ভাবে উত্পাদিত পেঁয়াজের দাম আরো কমে যাবে। ফলে কৃষক লোকসানের মুখে পড়বে। অবশ্য পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপের ফলে ভোক্তাপর্যায়ে দাম কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
স্থানীয় পেঁয়াজ চাষিদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে আমদানিকৃত পেঁয়াজে নির্দিষ্ট পরিমাণ শুল্ক আরোপের লক্ষ্যে গত প্রায় ছয় মাস আগে প্রস্তাব করেছিল বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
