আমদানি রপ্তানিতে মিথ্যা ঘোষণার মাধ্যমে পণ্যের মূল্য বাড়িয়ে দেখানো কিংবা কমিয়ে দেখানোর অভিযোগ দীর্ঘদিনের। এ প্রক্রিয়ায় বেশির ভাগ অর্থপাচার হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার এ ধরনের অপকর্ম ঠেকাতে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। আমদানি ও রপ্তানিতে মিথ্যা ঘোষণা দেওয়া হলে, ঐ পরিমাণ অর্থের পাশাপাশি এর ওপর আয়কর বিভাগ ৫০ শতাংশ জরিমানা আরোপ করবে। এছাড়া স্থানীয় বিনিয়োগের ক্ষেত্রেও কেউ মিথ্যা তথ্য দিলে তাকেও ৫০ শতাংশ জরিমানার মুখে পড়তে হবে।
বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং এবং ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগ রয়েছে। এ ধরনের অর্থপাচার ও কর ফাঁকির বিষয়ে সরকারের অবস্থান কঠোর। এ ধরনের অপকর্ম প্রমাণ হলে ৫০ শতাংশ কর আরোপ হবে। এই উদ্যোগ অর্থপাচার ও কর ফাঁকি রোধে ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
