চীনা প্রেসিডেন্টের বিরুদ্ধে ভারতে মামলা!

আপডেট : ১২ জুন ২০২০, ০০:০৪

যুক্তরাষ্ট্র এর আগে সরাসরি অভিযোগ করেছিল যে করোনা ভাইরাস চীনের ল্যাব থেকে সারা বিশ্বে ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট চীনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছিলেন। এ নিয়ে মার্কিন আদালতে চীনের বিরুদ্ধে মামলাও হয়েছে। ভারতের এক আইনজীবীও চীন দায়ী বলে মনে করেন। তাই তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে মামলা করেছেন। এতে সাক্ষী করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। খবর জি নিউজের

বিহারের আইনজীবী মুরাদ আলি বলেন, মরণ ভাইরাসের জন্য বহু দেশে লকডাউন চলছে। দেশের অর্থনীতি ধুঁকছে, কাজ হারিয়েছেন বহু মানুষ। দুই বেলা খাবার জুটছে না বহু মানুষের। এই যাবতীয় দুর্ভোগের জন্য দায়ী চীন। তাই তিনি সরাসরি আইনের দ্বারস্থ হয়েছেন। আদালত তার মামলার শুনানিতে সম্মতি জানিয়েছে। ১৬ জুন শুনানি হবে। ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ এবং ১২০ (খ) ধারায় মামলা দায়ের করেছেন মুরাদ আলি। সব সংবাদ মাধ্যমে প্রচারিত তথ্য তার মামলার ভিত্তি বলে দাবি করেছেন এই আইনজীবী। শি জিনপিংয়ের বিরুদ্ধে আমেরিকায় একাধিক মামলা দায়ের হয়েছে। সেসব মামলার শুনানিও হয়েছে।