আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১২ জুন ২০২০, ০০:০৮

নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত করায় এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির এক বিবৃতিতে জানানো হয়েছে, এই তদন্তের মাধ্যমে আইসিসি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং মার্কিনীদের অধিকারে হস্তক্ষেপ করছে। এজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া যেসব কর্মকর্তা এই তদন্তের সঙ্গে যুক্ত আছেন তাদের ওপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোয়াইট হাউজের একটি সূত্র জানিয়েছে, রাশিয়া চেয়েছিল মার্কিন সেনারা অভিযুক্ত হোক। এজন্যই এই সিদ্ধান্ত। -আলজাজিরা