ভারতে ধর্মীয় স্বাধীনতা পর্যালোচনা করতে চাওয়া যুক্তরাষ্ট্র সরকারের একটি প্যানেলের সদস্যদের ভিসা দেয়নি নয়াদিল্লি। ভারতের দাবি, নাগরিকদের সাংবিধানিক অধিকার যাচাই করতে কোনো বিদেশি সংস্থার এ ধরনের প্রবেশাধিকার নেই। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
মুসলিমদের ওপর নির্যাতনের কারণে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতকে চীন, ইরান, রাশিয়া ও সিরিয়ার মতো ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে তালিকাভূক্তির আহ্বান জানিয়ে আসছে। নতুন নাগরিকত্ব আইনে সংখ্যালঘু মুসলমানদের বাদ দেওয়ার পর গত এপ্রিলে মোদি সরকারের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছিল সংস্থাটি। যুক্তরাষ্ট্রের কার্যক্রমে ভারত কী পদক্ষেপ নিয়েছে তা লোকসভায় জানতে চেয়েছিলেন বিজেপি এমপি নিশিকান্ত দুবে। পহেলা জুন তার উত্তরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন, সরকার তীব্রভাবে কমিশনের নিরীক্ষাকে প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, আমরা ইউএসসিআইআরএফের দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছি। তারা ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট ইস্যুতে ভারত সফর করতে চেয়েছিল।’
