ব্রেক্সিট নিয়ে কড়া অবস্থানে ইইউ পার্লামেন্ট

আপডেট : ১২ জুন ২০২০, ০০:০৯

চলতি মাসের মধ্যে নীতিগতভাবে ঐকমত্য সম্ভব না হলে আগামী বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে ব্রিটেন। বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বোঝাপড়া ছাড়াই ব্রেক্সিট পুরোপুরি কার্যকর হবে। ঐকমত্য সম্ভব হলে আগামী অক্টোবর পর্যন্ত আলোচনার সুযোগ রয়েছে। এখনো পর্যন্ত আলোচনায় কোনো অগ্রগতি ঘটেনি। এই অবস্থায় হয় জুন মাসের শেষ পর্যন্ত ঐকমত্যে আসতে হবে, অথবা ব্রেক্টিট পরবর্তী অন্তর্বতীকালীন ব্যবস্থার মেয়াদ আরও এক বছর বাড়াতে হবে। বরিস জনসনের সরকার এখনো পর্যন্ত কোনো পথই বেছে নেয়নি।

ইউরোপীয় পার্লামেন্ট আগামী শুক্রবার ব্রিটেনের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে অবস্থান বদলানোর ডাক দিতে যাচ্ছে। খুঁটিনাটি বিষয় নিয়ে জলঘোলা করার আগে ইইউ ব্রিটেনের উদ্দেশ্যে সবার আগে একটি মৌলিক বিষয় মেনে নেবার আহ্বান জানাচ্ছে। দুই পক্ষই চুক্তির শর্ত মেনে চলছে কি নাা, তা যাচাই করতে একটিমাত্র সার্বিক কাঠামো রাখচে চায় ইইউ। সেইসঙ্গে অর্থনৈতিক বিধিনিয়মের ক্ষেত্রে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা প্রতিযোগিতার ক্ষেত্রে ন্যায্য পরিবেশের উপরেও জোর দিচ্ছে ইইউ। ব্রিটেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছে না বলে ইইউ পার্লামেন্ট অভিযোগ তুলেছে। -ডয়চেভেলে