বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মৃত সালমা (৩৫) পটুয়াখালী জেলার বাউফল এলাকার আক্তার হোসেনের স্ত্রী।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে সালমা করোনা উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যু
অপরদিকে, মৃত্যুবরণ করা নগরীর বেসরকারি রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন করোনায় আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।
এদিকে বরিশাল বিভাগে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, নতুন ৮৪ জন সহ বিভাগে মোট আক্রান্ত বারোশ ৯৮ জন। এরমধ্যে সর্বাধিক বরিশাল জেলায় ৮১০ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত রয়েছে ৬২৯ জন।
ইত্তেফাক/এসি
