রসায়ন
মো. রমজান আলী
সহকারী শিক্ষক (বিজ্ঞান)
দুহুলী এস সি উচ্চবিদ্যালয় এন্ড কলেজ লালমনিরহাট
প্রিয় নবম-দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সুবিধার্থে রসায়ন বিষয়ের দ্বিতীয় অধ্যায় হতে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর উপস্থাপন করছি।
প্রশ্ন-১.ব্যাপন বলতে কী বোঝ?
উত্তর: কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয়বস্তুর স্বত:স্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। যেমন: একটি পাকা কাঁঠাল ঘরের একটি কক্ষে রেখে দিলে তার গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এটিই হলো ব্যাপন। কোনো পদার্থের ব্যাপন হার পদার্থের ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল।
প্রশ্ন-২. নি:সরণ বলতে কী বোঝ?
উত্তর: সরু বা সূক্ষ্ম ছিদ্র পথে কোনো গ্যাসের অনুসমূহ উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নি:সরণ বলে। যেমন: উচ্চচাপে রক্ষিত কোনো গ্যাস সিলিন্ডারে একটি সরু ছিদ্র করলে গ্যাস সজোরে বের হয়ে আসবে, এটি একটি নি:সরণ প্রক্রিয়া।
প্রশ্ন-৩ .NH3I CO2 গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি এবং কেন?
উত্তর: আমরা জানি, কোনো পদার্থের ব্যাপনহার ভর ও ঘনত্বের উপর নির্ভর করে। পদার্থের ভর ও ঘনত্ব কম হলে ব্যাপন হার বেশি এবং ভর ও ঘনত্ব বেশি হলে ব্যাপন হার কম হয়।
NH3এর আণবিক ভর (14+1´3)=১৭ এবং
CO2 এর আণবিক ভর (12+16´2)= 44।
দেখা যাচ্ছে, NH3এর আণবিক ভর CO2 এর আণবিক ভর অপেক্ষা কম। তাই NH3 এর ব্যাপন হার বেশি।
প্রশ্ন-৪.আয়োডিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন?
উত্তর: আমরা জানি, যদি কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে পরিণত হয় এবং শীতলীকরণে সরাসরি কঠিনে রূপান্তরিত হয় তবে সংশ্লিষ্ট পদার্থটিকে উদ্বায়ী পদার্থ বলে। আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ বলে এর কোনো তরল অবস্থা থাকে না। তাই আয়োডিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়।
