চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজটি অনিশ্চিত হয়ে পড়ে করোনা ভাইরাসের কারণে। গত বুধবার অবশ্য কিছুটা আশার আলো দেখা দিয়েছিল। সিরিজটা কিছুটা পিছিয়ে আগস্টে শ্রীলঙ্কা সফরে আসতে রাজি হয়েছিল ভারত। সংবাদমাধ্যমকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে এমনটাই বলা হয়েছিল। আগস্টে সিরিজ খেলতে নাকি সম্মত হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু ঐ ঘোষণার মাত্র একদিন পরেই ভারতের শ্রীলঙ্কা সফর স্থগিত ঘোষণা করা হলো। গত বৃহস্পতিবার রাতে এসএলসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজ স্থগিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোভিড-১৯ মহামারি রূপ নিয়েছে। এ অবস্থায় দুই দেশের নির্ধারিত ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলা সম্ভব হবে না। দুই দেশের সম্মতিক্রমে সিরিজটি স্থগিত করা হয়। সিরিজটি স্থগিত হলেও এফটিপি এবং সহযোগী সদস্যদের প্রতি বদ্ধপরিকর হওয়ায় সিরিজটি পুনরায় চালু করার বিষয়ে এসএলসির সঙ্গে কাজ করবে বিসিসিআই। এবং ভারত সরকার, স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করবে তারা।
গত বুধবার শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ‘দ্য আইল্যান্ড’ সংবাদ প্রকাশ করেছিল যে, বিসিসিআইয়ের সবুজ সংকেত পেয়েছে এসএলসি। লঙ্কান বোর্ডই খবরটি নিশ্চিত করেছিল। তখন সিরিজ আয়োজনের আনুষঙ্গিক কাজের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার অপেক্ষায় ছিলেন এসএলসির কর্তারা। এমন ইতিবাচক পরিস্থিতি ২৪ ঘণ্টাও স্থায়ী হয়নি। তার আগেই ইউটার্ন নিয়েছে বিসিসিআই। যার ফলশ্রুতিতে যৌথ সিদ্ধান্তে বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সিরিজটি স্থগিত করা হয়।
