খেলোয়াড়দের সতর্ক করল পিসিবি

আপডেট : ১২ জুন ২০২০, ২০:০১

স্বাস্থ্য সুরক্ষা বিধি অমান্য করে অনুশীলন করায় সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমসহ তিন ক্রিকেটারকে সতর্ক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমের সঙ্গে লাহোরের একটি স্থানীয় ক্লাবে অনুশীলন করেছেন ইমাম-উল হক এবং নাসিম শাহ। আসন্ন ইংল্যান্ড সফরকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প আয়োজনের পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু পাকিস্তানে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ও যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে না পারায়, তা বাতিল করে পিসিবি। কিন্তু বোর্ডের কাছ থেকে অনুমতি না নিয়ে ব্যক্তিগতভাবে অনুশীলন করেন বাবর, ইমাম ও নাসিম। তিন ক্রিকেটার যথাযথ স্বাস্থ্যবিধি না মেনে অনুশীলন করেছেন বলে দাবি করেন পিসিবির এক কর্মকর্তা।  তিনি বলেন,‘এই পরিস্থিতির কারণে আমরা অনুশীলন ক্যাম্প বাতিল করেছি। কেননা সবার খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তা হলো গুরুত্বপূর্ণ। স্থানীয় ক্লাবে স্বাস্থ্য সুরক্ষা কতটা আছে, সেটিই আমরা জানি না। তবে তাদের এমনটা করা উচিত হয়নি। বোর্ড মৌখিকভাবে বাবর, ইমাম ও নাসিমকে সতর্ক করে দিয়েছে।’