দুই মাস পরের জিম্বাবুয়ে সফর বাতিল করে দিয়েছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল আগামী ২২ আগস্ট থেকে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শুক্রবার নিজেদের সিদ্ধান্তের কথা জানায় ভারতের বোর্ড।
জিম্বাবুয়ে সফরের আগে জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতের। শুরুতে আশা দেখলেও সূচি অনুযায়ী যে সিরিজটি হচ্ছে না, বৃহস্পতিবার সেটি জানায় শ্রীলঙ্কা ক্রিকেট। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির এই সিরিজ আগস্টে খেলার পরিকল্পনা করছিল লঙ্কানরা। এবার পুরো সিরিজটিই বাতিল করে দিয়েছে বিসিসিআই।
ক্রিকেটারদের অনুশীলনে ফেরা নিয়ে একটি ধারণাও বিজ্ঞপ্তিতে দিয়েছে বিসিসিআই। অনুশীলন ক্যাম্প নিয়ে পরিকল্পনা থাকলেও সম্পূর্ণ নিরাপদ পরিস্থিতির জন্য অপেক্ষায় আছে বোর্ড। কোনো ধরনের তাড়াহুড়া করতে চায় না তারা।
