বর্ণবাদবিরোধী উদ্যোগ প্রিমিয়ার লিগেরও

আপডেট : ১২ জুন ২০২০, ২০:০৩

বর্ণবাদবিরোধী আন্দোলনের সমর্থনে এবার শামিল হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোও। আগামী বুধবার যখন প্রায় তিন মাসের অনাকাঙ্ক্ষিত করোনা-বিরতি শেষে মাঠে নামবে দলগুলো, নামের বদলে খেলোয়াড়দের জার্সির পিঠে লেখা থাকবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ লেখাটি। রয়টার্স জানাচ্ছে, জার্সির সামনেও থাকবে বর্ণবাদবিরোধী বিশেষ লোগো। এর আগে অনুশীলনে হাঁটু গেড়ে বসে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বর্ণবাদবিরোধী আন্দোলনে একাত্মতা জানায় লিভারপুল ও আর্সেনাল। এদিকে প্রিমিয়ার লিগের শুরুর সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও জাতীয় স্বাস্থ্যকর্মীদের সম্মানে হূদয় আকৃতির ব্যাজ পরবে দলগুলো।