৪৯ বছরে বাংলাদেশের বাজেট বেড়েছে ৭২৩ গুণ

আপডেট : ১২ জুন ২০২০, ২০:৪৮

স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দীন আহমদ। ১৯৭২ সালের ৩০ জুন ঘোষণা করা সেই বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। ৪৯ বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ৫০তম বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২০-২১ অর্থবছরের এই বাজটের আকার দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। সে হিসাবে গত ৪৯ বছরের ব্যবধানে দেশের বাজেটের আকার বেড়েছে প্রায় ৭২৩ গুণ। টানা তিন মেয়াদে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করার পর টানা দ্বাদশ বাজেট উপস্থাপন করা হলো। তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর সরকারের দ্বিতীয় বাজেট এটি। সার্বিকভাবে এটি আওয়ামী লীগের ২২তম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটা দ্বিতীয় বাজেট। সর্বমোট ৪৯টি বাজেট উত্থাপন করেছেন ১২ জন ব্যক্তি। তাদের মধ্যে একজন রাষ্ট্রপতি, ৯ জন অর্থমন্ত্রী ও দুই জন অর্থ উপদেষ্টা। ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ১২টি করে বাজেট উত্থাপন করেছেন বিএনপি সরকারের প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের হয়ে ১০টি বাজেট উপস্থাপন করেন। কোভিড-১৯ মহামারির উত্কণ্ঠা ও আতঙ্কের মধ্যে এবার একেবারেই ভিন্ন প্রেক্ষাপটে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করলেন। খুবই সংক্ষিপ্ত উপস্থাপনায়। অর্থমন্ত্রী তার সংক্ষপ্তি বাজেট বক্তৃতার কিছু অংশ ডিজিটাল পদ্ধতি উপস্থাপন করেন। এবারের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। বাজেটের স্লোগান হচ্ছে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত্ পথপরিক্রমা’। স্বাভাবিক সময় বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ গণ্যমাধ্যমকর্মীদের উপস্থিতির জন্য আমন্ত্রণ জানানো হয়। এবার কাউকে দাওয়াতও দেওয়া হয়নি। দর্শক গ্যালারিও ছিল একেবারে ফাঁকা।

২০০৯ সালের ১১ জুন দেশের ৩৯তম বাজেট সংসদে উত্থাপন করেছিলেন তত্কালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেটি ছিল ১ লাখ কোটি টাকা ছাড়ানো দেশের প্রথম বাজেট। ২০০৯-১০ অর্থবছরের ঐ বাজেটের চূড়ান্ত আকার ছিল ১ লাখ ১৩ হাজার ১৭০ কোটি টাকা। এরপর ২০১৩-১৪ অর্থবছরে ২ লাখ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ কোটি টাকা ও ২০১৮-১৯ অর্থবছরে ৫ লাখ কোটি টাকা অতিক্রম করে বাজেট।