করোনায় বিচারকদের চিকিত্সা দেবে ইউনিভার্সেল মেডিক্যাল

আপডেট : ১২ জুন ২০২০, ২১:৩০

দেশের অধস্তন আদালতের বিচারকদের করোনা ভাইরাসসহ বিভিন্ন রোগের চিকিত্সাসেবা দিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড। আইনমন্ত্রী আনিসুল হক এমপির সহযোগিতায় বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশের যে কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা অসুস্থ হলে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত হাসপাতাল থেকে চিকিত্সাসেবা পাবেন তারা।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের উপস্থিতিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. হেলাল চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা এবং ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. আশীষ কুমার চক্রবর্তী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব উম্মে কুলসুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।