প্রত্যেক ওয়ার্ডে একটি করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) বা ‘বর্জ্যঘর’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত বৃহস্পতিবার সংস্থার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডসহ ৭৫টি ওয়ার্ডের মধ্যে বর্তমানে ২৫টি ওয়ার্ডে এসটিএস রয়েছে। ফলে বাকি ৫০টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা দিন দিন কঠিন হয়ে উঠছে, যা ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনায় বড়ো চ্যালেঞ্জ। এ ছাড়া অনেকেই যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে, সেজন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য মেয়র তাপস ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
আগামী ৩০ বছরের মেগা প্ল্যানের সঙ্গে সমন্বয় রেখে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজাতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পরিষ্কার-পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের একার পক্ষে কষ্টসাধ্য জানিয়ে মেয়র তাপস জনগণকে ব্যক্তিগত পর্যায়েও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানান। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, সচিব আকরামুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সিদ্দিকী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
