টঙ্গীতে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য আটক

আপডেট : ১২ জুন ২০২০, ২১:৩২

মোবাইল ব্যাংকিং বিকাশ থেকে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই জনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার পশ্চিম রামপুরা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো মো. মিন্টু মিয়া ও শোভা আক্তার। এ ঘটনায় প্রতারণার শিকার ইউনিয়ন লেভেল অ্যাক্সেসরিজ কারখানার ম্যানেজার আব্দুল আলিম টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানায় গত ৪ জুন এ প্রতারণা সংক্রান্ত মামলা হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল হাসানকে নিয়ে মাঠে নামেন টঙ্গী জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, প্রতারক চক্রটি রাজধানীর পশ্চিম রামপুরায় অবস্থান করছে। পরে হাতিরঝিল থানা পুলিশের সহযোগিতায় পশ্চিম রামপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭টি সিমকার্ড ও তিনটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।