শরীয়তপুর-চাঁদপুর সড়ক

বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

আপডেট : ১২ জুন ২০২০, ২১:৪৫

ভেদরগঞ্জে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সাজনপুর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন বেইলি ব্রিজ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেতুর উত্তর পাশের রেলিং ভেঙে এ ঘটনার পর দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ব্রিজটি মেরামত করা সম্ভব হয়নি। সংবাদ পেয়ে শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ সেতুর উভয় পাশে লাল পতাকা ও বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে সেতুর উভয় পাশে পণ্য ও যাত্রীবাহী প্রায় দুই শতাধিক ভারী যান আটকা পড়েছে। ফলে এ সড়ক দিয়ে দুই দিন যাবত্ চট্টগ্রাম-খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আবহাওয়া অনুকূল হলে শুক্রবার বিকালের মধ্যে সেতুর সংস্কার কাজ সম্পন্ন করে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। স্থানীয়রা জানান, ভেদরগঞ্জে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের এ বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় থাকায় কয়েক মাস আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সড়ক বিভাগ। এ সময় তারা ব্রিজটির সর্বোচ্চ ধারণক্ষমতা তিন টন হিসেবে নির্ধারণ করে দেয়। কিন্তু সড়ক বিভাগের নির্দেশনা উপেক্ষা করে প্রতিদিনই অতিরিক্ত ওজন নিয়ে শত শত যানবাহন ব্রিজটির ওপর দিয়ে চলাচল করতে থাকে।

ট্রাক চালক শামীম মিয়া বলেন, এ সড়কটি দীর্ঘদিন ধরে খারাপ ছিল। এখন রাস্তার কাজ কিছুটা করা হলেও ব্রিজটি মেরামতের কোনো উদ্যোগ নেই। তাই কয়েক দিন পর পরই ব্রিজের বিভিন্ন অংশ ভেঙে গাড়ি আটকে যায়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আল নাসীফ জানান, ঝুঁকিপূর্ণ এ বেইলি ব্রিজসহ এ সড়কের তিনটি সেতু ভেঙে আরসিসি সেতু করার জন্য শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ দরপত্র আহ্বান, ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছে। আশা করি এ বছরই সেতুর নির্মাণকাজ শুরু হবে।