ফুলবাড়ীতে সেপটিক ট্যাংকে নেমে দুই জনের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২০, ২১:৪৭

উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার কাশিপুর ইউনিয়নের গংগাহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: উপজেলার অনন্তপুর বালাবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আল আমিন (২৫) ও আজোয়াটারী গ্রামের সাহেব আলীর ছেলে সুজন মিয়া (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন সকালে নির্মাণসামগ্রী সরানোর জন্য সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করেন আল-আমিন। পর মুহূর্তে সে জ্ঞান হারিয়ে ট্যাংকিতে জমে থাকা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সুজন মিয়াও জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যায়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ব্যাপারে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমন মিয়া জানান, প্রায় ৩০ মিনিটের অভিযান চালিয়ে আমরা তাদেরকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করি।