ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মিরপুরের পশ্চিম কাজীপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির মাথায় জখমের চিহ্ন রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, সকালে পশ্চিম কাজীপাড়া ৬৬২/২ এ বাড়ির সামনের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পরনে লুঙ্গি, শার্ট ও টুপি ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভোরে হয়তো নামাজ পড়তে বের হয়ে বা বাসায় ফেরার সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন।
