সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় বরিশালে জেলা প্রশাসনের বিশেষ দোয়া-মোনাজাত

আপডেট : ১২ জুন ২০২০, ২২:০৭

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বাদ জুমা নগরীর কালেক্টরেট জামে মসজিদে দোয়া-মোনাজাতে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানসহ অন্য মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া শেষে মরহুমা সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও সদর উপজেলার প্রতিটি মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু।

আগৈলঝাড়ায় দোয়া মোনাজাত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, নারী জাগরণের অগ্রজ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা শাহান আরা আবদুল্লাহর আত্মার মাগফিরাত কামনায় গতকাল উপজেলার ২৮৩টি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্ব-স্ব এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।