বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন করোনা রোগীর মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২০, ২২:১০

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মৃত সালমা (৩৫) পটুয়াখালী জেলার বাউফল এলাকার আক্তার হোসেনের সহধর্মিণী। গত মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে সালমা করোনা উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে।

এদিকে বরিশাল বিভাগে শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, নতুন ৮৪ জনসহ বিভাগে মোট আক্রান্ত ১ হাজার ২৯৮ জন। এরমধ্যে সর্বাধিক বরিশাল জেলায় ৮১০ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত রয়েছে ৬২৯ জন।