রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১২ জুন ২০২০, ২২:১০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক আনসার ভিডিপি অফিসার মুক্তিযোদ্ধা নুরুল আমিন সুরুজ (৬৮) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শুক্রবার তার নামাজে জানাজা শেষে পৌর সদরের দত্তপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এক সপ্তাহ আগে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ঢাকার সিএমএইচ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় বলে নিশ্চিত করেন ছোটো ভাই কামাল হোসেন।

মো. আবদুল হাকিম

বরগুনার বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের সরকারি বামনা কলেজের সাবেক সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম ব্যাচের ছাত্র, মুক্তিযুদ্ধকালীন বামনা থানা সংগ্রাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আবদুল হাকিম (৮০) গত বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জয়নাল আবেদীন।