সংক্রমণে চতুর্থ স্থানে পৌঁছে গেল ভারত

আপডেট : ১২ জুন ২০২০, ২২:৪৯

করোনা ভাইরাসে আক্রান্ত দেশ হিসেবে চতুর্থ স্থানে রয়েছে ভারত। প্রতিদিনই দেশটিতে রেকর্ড পরিমাণ মানুষ সংক্রমিত হচ্ছে। গতকালও ১০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা করেছেন, দেশটিতে করোনায় আরো মৃত্যু ঘটতে পারে। খবর এনডিটিভি ও আলজাজিরার

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৭৫৪ জন। চতুর্থ স্থানে আগে ছিল ইংল্যান্ড যেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৫৮৮ জন। ভারতের সামনে এখন রাশিয়া, ব্রাজিল ও আমেরিকা। ২৪ মের পর থেকে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সময় প্রথম ১০টি আক্রান্ত দেশের তালিকায় ঢুকে পড়ে ভারত। মাত্র ১৮ দিনে চতুর্থ স্থানে গেল দেশটি। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১০ হাজার ৯৫৬ জন। করোনা ভাইরাসের রোগীদের সঙ্গে পশুর চেয়েও খারাপ আচরণ করা হচ্ছে। দিল্লির সরকারকে তিরস্কার করে এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি যেভাবে ভারতের রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ আদালত।

অন্যান্য দেশের অবস্থা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছেন, দেশে কোভিড-১৯ এ আরো মানুষের মৃত্যু হতে পারে। দেশটিতে প্রায় ১ লাখ ২৯ হাজার আক্রান্ত এবং প্রায় আড়াই হাজার মানুষের প্রাণ গেছে করোনায়। ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্যবিষয়ক প্রধান সতর্ক করেছেন, করোনা ভাইরাস মহামারি এখনো শেষ হয়ে যায়নি। মালদ্বীপও লকডাউ শিথিল করছে।