মাত্র ১০০ টাকার জন্য বড়ো ভাইয়ের হাতে খুন হয়েছে আপন ছোটো ভাই। এ ঘটনায় মাদকাসক্ত বড়ো ভাইকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিণ চর বাগাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঐ ছোটো ভাই তামজিদ মোল্যা (১৪) এবং ঘাতক বড়ো ভাইয়ের নাম নাজমুল মোল্যা। তামজিদ বাগাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিণ চরবাগাট গ্রামের বাসিন্দা ভ্যানচালক আহিদ মোল্যার তার ছোটো ছেলে তামজিদ মোল্যাকে ১০০ টাকা দেন কিছু কিনে খাওয়ার জন্য। ঐ ১০০ টাকা তামজিদের কাছে চায় বড়ো ভাই নাজমুল। কিন্তু তামজিদ টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বড়ো ভাই শুক্রবার তাকে ডেকে নিয়ে যায় বাড়ির পাশের মাঠে। সেখানে ছোটো ভাই তামজিদকে গলা টিপে হত্যা করে নাজমুল। পরে নিজেই বাড়িতে এসে মায়ের কাছে হত্যার কথা জানায় নাজমুল। বাড়ির লোকজন তামজিদকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক ডা. কবির সরদার জানান, মৃত আবস্থায় তামজিদকে হাসপাতালে আনা হয়।
মধুখালী থানার উপপরিদর্শক আশুতোষ কুমার জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, যা প্রক্রিয়াধীন। ঘাতক নাজমুলকে আটক করা হয়েছে।
