বগুড়ায় পূর্ববিরোধের জের ধরে প্রকাশ্যে এস এম শাকিল (৩০) নামের এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বগুড়া শহরের আকাশতারায় এ ঘটনা ঘটে। সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের সাবগ্রামের তালপট্টি এলাকার শফিকুল ইসলামের ছেলে শাকিল দীর্ঘদিন বালু বিক্রি করে আসছিল। বালু বিক্রিসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় কয়েক যুবকের সঙ্গে তার বিরোধ ছিল। এছাড়া আল আমিন নামের শাকিলের এক বন্ধু অস্ত্র মামলায় জেলে যাওয়ার পর তার স্ত্রীর সঙ্গেও তার পরকীয়া সম্পর্ক ছিল বলে জানা গেছে। ঐ ঘটনা নিয়ে সামাজিক বৈঠকও হয়েছে।
জানা যায়, গতকাল ১১টার দিকে শাকিল আকাশতারা এলাকায় গিয়ে দুই জনকে মারধর করতে থাকে। এসময় তাদের সহযোগীরা শাকিলকে রাম দা দিয়ে কোপায়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পরকীয়ার কারণে খুনের ঘটনা ঘটতে পারে। তবে হত্যার মূল রহস্য তদন্তে বেরিয়ে আসবে।
বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান জানান, শাকিলের বিরুদ্ধে সদর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
