গৌরনদীতে শ্লীলতাহানির মামলায় ছাত্রলীগ নেতা জেলহাজতে

আপডেট : ১২ জুন ২০২০, ২২:৫৮

বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রী ও তার বোনের সঙ্গে অশ্লীলতার ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জানা গেছে, গত ৯ জুন সন্ধ্যায় গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার রাস্তায় গৌরনদী সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও ছাত্রলীগ নেতা ঈশান ইসলাম আরিফ বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও তার বড়ো বোনের পথরোধ করে এবং অশ্লীল আচরণ করে। এক পর্যায়ে আরিফ ও তার সঙ্গে থাকা সঙ্গীরা ঐ দুই বোনের শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় কৌশলে দুই বোন ঘটনাস্থল থেকে বাড়িতে ফিরে যায়। এরপর ১০ জুন গৌরনদী থানায় আরিফসহ অজ্ঞাত আরো দু-তিন জনকে আসামি করে মামলা দায়ের করে। গ্রেফতারের পর  পুলিশ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গৌরনদী সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি শাখাওয়াত হোসেন সুজন জানান, ঈশান ইসলাম আরিফ ২০১৬ সালে ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলেন। তবে বর্তমানে আরিফের কোনো পদ-পদবি নেই বলে জানান তিনি।