৬৬ হাজার আবেদনের বিপরীতে জামিন পেয়েছেন ৩৩ হাজার আসামি

আপডেট : ১২ জুন ২০২০, ২২:৫৯

মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চালু করা হয়েছে ভার্চুয়াল কোর্ট। উচ্চ ও নিম্ন আদালতের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণকে করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষা দিতেই এই আদালত পদ্ধতি চালু করা হয়। এ লক্ষ্যে গত ২০ কার্য দিবসে দেশের অধস্তন আদালতের ভার্চুয়াল কোর্ট থেকে জামিন পেয়েছেন ৩৩ হাজার ১৫৫ জন। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বার্তায়  এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ১১ মে থেকে অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০০ ভার্চুয়াল কোর্ট চালু রয়েছে। এসব কোর্টে আইনজীবীরা ইমেইলের মাধ্যমে জামিনের দরখাস্ত দাখিল করছেন। আটটি বিভাগের জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ২০ কার্যদিবসে ৬০ হাজার ৩৮৯টি জামিনের আবেদন দাখিল হয়েছে। দাখিলকৃত এসব আবেদন নিষ্পত্তি করে জামিন দেওয়া হয়েছে ৩৩ হাজার ১৫৫ আসামিকে। জামিনপ্রাপ্তদের অধিকাংশই কারামুক্তি পেয়েছেন। যারা পাননি তাদের মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান। তিনি জানান, গত এক সপ্তাহে বিচারকরা ১২ হাজার ৭৬২টি জামিনের দরখাস্ত গ্রহণ করেন। এর মধ্যে জামিন পেয়েছেন ৫ হাজার ৬৭৫ জন।