কর্মীদের বেতন-ভাতা ১৬ শতাংশ কমাল সিটি ব্যাংক

আপডেট : ১২ জুন ২০২০, ২২:৫৯

ক্ষতি কাটিয়ে উঠতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও অন্যান্য সুবিধা ১৬ শতাংশ কমিয়েছে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক লিমিটেড। এর মধ্যে বেতন কমানো হয়েছে ১০ শতাংশ। আর অন্যান্য সুযোগসুবিধা ৬ শতাংশ। বেতন কমানোর এ সিদ্ধান্ত চলতি বছরের জুন থেকেই কার্যকর হবে, বহাল থাকবে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকিং খাতে বেতন কমানোর এটাই প্রথম ঘোষণা।

বেতন ও অন্যান্য সুবিধা কমানোর বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন গতকাল ইত্তেফাককে বলেন, ব্যাংক বাঁচানোর জন্যই আগামী দেড় বছর এটি বলবত্ থাকবে। কাউকে ছাঁটাই না করে সবাইকে রাখার জন্য এমন সিদ্ধান্ত। বেতন ১০ শতাংশ কমানো হয়েছে, আর ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ইনক্রিমেন্ট ও পারফরম্যান্স বোনাস বন্ধ থাকবে। এ সুবিধা হিসাব করলে আরো প্রায় ৬ শতাংশ হয়। তিনি আরো বলেন, ব্যাংকের পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে। আগে যেখানে ১০০ টাকা আয় হলে পরিচালন খরচ ছিল ৫৫ টাকা এখন তা ৬৬ টাকা হয়ে গেছে। আর ৯ শতাংশ সুদে ঋণ দেওয়ার কারণে আয়ও অনেক কমেছে।

জানা গেছে, সিটি ব্যাংকের সাড়ে ৪ হাজার কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা প্রদানে বছরে তাদের ব্যয় হয় ৫৪০ কোটি টাকার কাছাকাছি। বেতন কমানো হলে বছরে খরচ কমবে ১০০ কোটি টাকা।  তবে ব্যাংকের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলছেন, সিটি ব্যাংক ২০১৯ সালে ৮৪০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০২০ সালে মুনাফার লক্ষ্যমাত্রা ছিল ৫৫০ কোটি টাকা। গত ৫ মাসে ২৩৫ কোটি টাকা মুনাফা হয়েছে। তাই বেতন-ভাতা কমানোর সিদ্ধান্ত ‘অনৈতিক’ বলে মন্তব্য করেন তারা।