নিজের বাংকারে ফিরে যান

আপডেট : ১৩ জুন ২০২০, ০০:২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের বাঙ্কারে ফিরে যেতে বলেছেন দেশটির সিয়াটল শহরের মেয়র। প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকা্লকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ দমনে ব্যর্থতার অভিযোগ আনার পর এই মন্তব্য করেন মেয়র। খবর সিএনএনের

স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন গভর্ণর জে ইন্সিলি এবং সিয়াটলের মেয়র জেনি ডুরকানকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা বিক্ষোভ দমন করতে না পারলে আপনাদের শহর ফিরিয়ে দিন। আমি পারবো। এটা খেলা নয়। এই অরাজকতা এখনই বন্ধ করতে হবে’। প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের ‘দেশীয় সন্ত্রাসী’ বলেও আখ্যা দেন। তিনি সেনাবাহিনী দিয়েও বিক্ষোভ দমনের হুমকি দেন। ওয়াশিংটনের গভর্ণরকে ন্যাশনাল গার্ড মোতায়েন করে বিক্ষোভ দমনেরও পরামর্শ দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

গভর্নর এবং মেয়র দুইজনই ডেমোক্র্যাট দলের। ট্রাম্পের জবাবে ডুরকান টুইটার বার্তায় লেখেন, আপনি বাঙ্কারে ফিরে গিয়ে সবাইকে নিরাপদ করুন। গত মাসে হোয়াইট হাউজের কাছে বিক্ষোভের সময় প্রেসিডেন্ট ট্রাম্প কিছু সময়ের জন্য বাঙ্কারে চলে যান। জে ইন্সিলি বলেন, যে মানুষটি সরকার চালানোয় সম্পূর্ণ অদক্ষতার পরিচয় দিচ্ছেন তার উচিত ওয়াশিংটনের বাইরে চলে যাওয়া। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প পালটা জবাবে বলেন, দুই বামপন্থি মৌলবাদী গভর্নর এবং মেয়র যেভাবে ও যে মাত্রায় খেলছেন তা আগে কখনো এই সুন্দর ও মহত্ দেশের মানুষ দেখেনি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ১৯ জুন থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার প্রচারণা শিবির বলেছে, সমাবেশ থেকে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তারা দায় নেবেন না। এজন্য মামলাও করা যাবে না।