করোনার সতর্কতা জানিয়ে মারা যাওয়া চীনের সেই ডাক্তার হলেন ছেলের বাবা

আপডেট : ১৩ জুন ২০২০, ১৪:৫৯

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের খবর ফাঁস করে প্রাণঘাতী ভাইরাসটিতেই আক্রান্ত হয়ে মারা যান চীনের চিকিৎসক লি ওয়েনলিয়াং। মারা যাওয়ার প্রায় চার মাস পর এবার ছেলে সন্তানের বাবা হলেন চীনের চিকিৎসক লি ওয়েনলিয়াং। মৃত ডা. লি ওয়েনলিয়াং'র স্ত্রী ফু জুয়েজি সামাজিক যোগাযোগমাধ্যম তার পুত্র সন্তানের ছবি পোস্ট করে লিখেছেন, ডা.  লি'র শেষ উপহার।

গত ৩০শে ডিসেম্বর সহকর্মীদের কাছে করোনা নিয়ে  একটি সতর্ক বার্তা পাঠিয়েছিলেন ডা.  লি ওয়েনলিয়াং। তখন পুলিশ তাকে আটক করে  "মিথ্যা মন্তব্য করা" বন্ধ করতে বলে। লি ওয়েনলিয়াং উহান সেন্ট্রাল হাসপাতালে কাজ করার সময় ভাইরাসে আক্রান্ত হন। গত ফেব্রুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যান চীনা চিকিৎসক লিন ওয়েনলিয়াং। চিকিৎসক লি ওয়েনলিয়াংয়ের মৃত্যু ঘিরে দেশটিতে নজিরবিহীন মাত্রায় জনরোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। একই সঙ্গে শোকের ছায়াও নেমে এসেছে। তার মৃত্যুর খবরটি চীনা সামাজিক মাধ্যম রীতিমতো ঝড় তোলে। পরে অবশ্য চীনের সরকারের পক্ষ থেকে ডা. লিকে  বীরের সম্মাননা দেয়া হয়। 

মৃত  ডা.  লি'র স্ত্রী ফু বলেন, তার এখন দুটি সন্তান রয়েছে। একটি বার্তা তিনি বলেন, প্রিয় স্বামী তুমি কি স্বর্গ থেকে দেখতে পাচ্ছো? তুমি আমাকে একটি শেষ উপহার দিয়েছো আজ। আমি অবশ্যই তাদের ভালোবাসবো এবং রক্ষা করবো। 

 স্থানীয় সংবাদমাধ্যম লিচি নিউজকে মৃত  ডা.  লি'র স্ত্রী ফু জানান, তার স্বামীর মৃত্যুর পর স্বাস্থ্য সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়।

এদিকে ডা.  লি'র  সদ্যোজাত সন্তানের প্রতি শুভকামনা জানিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম অনেকেকেই মন্তব্য করতে দেখা গেছে। 

ইত্তেফাক/এআর