চীনের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বিরাজ করছে: ভারতীয় সেনাপ্রধান

আপডেট : ১৩ জুন ২০২০, ২০:৪৮

ভারত ও চীনের সীমান্ত নিয়ে আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে দাবি জানিয়েছেন ইন্ডিয়ান সেনা প্রধান জেনারেল এম এম নারাভানে। শনিবার সকালে সংবাদ সংস্থা এএনআইকে এমন খবর দিয়েছেন ভারতের সেনা প্রধান।

এনডিটিভির খবরে বলা হয়, মে মাসের শুরুতে পূর্ব লাদাখের প্যাংগং লেক এলাকায় ভারত ও চিনা সেনার মধ্যে ঝামেলা দেখা দেয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার উভয় দেশের মেজর জেনারেল পর্যায়ে ফের আলোচনা হয়েছে। মূলত সমাধান খুঁজতে বৈঠকে বসেছে দুই দেশ।

এ বিষয়ে ভারতের সেনা প্রধান বলেন, চীনের সঙ্গে আমাদের সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দুই দেশেরই সিনিয়র মিলিটারি কমান্ডারদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। বৈঠকের মাধ্যমে চলমান মতবিরোধগুলো নিয়ে আপাতত সমঝোতায় এসেছি আমরা। দুই দেশের মধ্যে সমাধান হয়েছে।

জেনারেল এম এম নারাভানে বলেন, আমি সবাইকে আশ্বস্ত করছি, চীনের সঙ্গে আমাদের সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা একাধিক বার আলোচনা করেছি। ইদানিং বেশ কয়েকটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং আমরা আশাবাদী যে আমাদের এই চলতি সংলাপের মধ্যে দিয়ে সব ঠিক হয়ে যাবে।

সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে আরও বলা হয়, পূর্ব ও লাদাখের কিছু অংশে ভারত ও চিনা সেনারা পারস্পরিক নিষ্পত্তির পথে হাঁটছে। একটি "উল্লেখযোগ্য" সমাধানের লক্ষ্যে চীন সেনারা ৩ কিলোমিটার পিছু হেঁটেছে। প্রত্যুত্তরে ভারতের থেকেও কিছু সেনাকে ফেরানো হয়েছে। 

আরও পড়ুন: প্রথমবার করোনা রোগীর সফল ফুসফুস প্রতিস্থাপন

গত সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, চিনের সঙ্গে কয়েক দশক পুরনো সীমান্ত সমস্যা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এ সমস্যা সমাধান চায় তার দেশ।

ইত্তেফাক/আরআই