ভারতীয় ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে মানচিত্র পাস নেপালের

আপডেট : ১৩ জুন ২০২০, ২০:৫৪

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নেপালের সংসদে পাস হলো সংবিধান সংশোধনী বিল। যে বিলে ভারতীয় ভূখণ্ডকে মানচিত্রে ঠাঁই দিয়েছে কাঠমান্ডু। 

২৭৫ আসন বিশিষ্ট নেপাল সংসদে এই বিলের পক্ষে ভোট পড়ে ২৫৮টি। 

সংবাদসংস্থাগুলোর সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়,  সংবিধান সংশোধনী এই বিল পাস করতে বিশেষ অধিবেশন ডেকেছে নেপাল সংসদ। এই অধিবেশনে ভারতীয় ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে ঠাঁই দিতে আনা সংশোধনের ওপর ভোটাভুটি হবে।

জানা গিয়েছে, সেই বিল পাস করাতে খুব একটা কাঠখড় পোড়াতে হয়নি নেপাল সরকারকে। কারণ বিরোধী দল নেপাল কংগ্রেস সেই বিল সমর্থনে সম্মতি দিয়েছে। এই বিল পাস হওয়ায় ইন্দো-নেপাল কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন কূটনীতিবিদরা। 

গত মাসে নেপাল সরকার সেই সংশোধিত মানচিত্রে সিলমোহর বসিয়েছে। যে সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যে উষ্মা প্রকাশ করেছে নয়াদিল্লী। 

সেই মানচিত্র সংশোধনী আকারে সংসদে এলে সমর্থন থাকবে বিরোধীদের। এমন বার্তা দিয়েছে নেপাল কংগ্রেস। 

মূলত কালি নদীর উত্তর-পূর্ব এলাকা বিতর্কিত। ভারতের দাবি, এই এলাকার লিপুলেখ পাস উত্তরাখণ্ডের। পাশাপাশি লিম্পিয়াধুরা আর কালাপানি এলাকা ১৯৬২ থেকে ভারতের সীমানার অংশ। কিন্তু সংশোধিত মানচিত্রে এই এলাকাগুলি নিজের বলে দাবি করছে নেপাল।

ইত্তেফাক/জেডএইচ