তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
স্থলবন্দর বাংলাবান্ধায় স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে ভুটান থেকে পাথর আমদানির মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এ সময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া থানার ওসি জহুরুল ইসলাম, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমদানি-রপ্তানি শুরু হওয়ার ফলে বন্দরটিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ সারাদেশের সব স্থলবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয় সরকার। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করতে জেলা প্রশাসন ১৩টি স্বাস্থ্যবিধি বিষয়ক শর্তারোপ করেছেন। আমরা সব শর্ত পালন করেই আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করেছি। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বন্দর সংশ্লিষ্ট সবাই সচেষ্ট আছেন।
