সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্রে বৈরালী মাছের পোনা উত্পাদন শুরু

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:২০

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে অবস্থিত স্বাদুপানি মত্স্য উপকেন্দ্রের এক দল বিজ্ঞানী বিলুপ্ত প্রায় বৈরালী মাছের পোনা উত্পাদনে সাফল্য অর্জন করেছে। ২০১৮ সালে গবেষণা শুরু করে চলতি বছরে এ মাছের পোনা উত্পাদনে সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি। স্বাদুপানি উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খোন্দকার রশীদুল হাসান জানান, উপকেন্দ্র থেকে চলতি বছরের মার্চ-২০২০ মাসে প্রথমবারের মতো কৃত্রিম প্রজননের মাধ্যমে বিলুপ্তপ্রায় বৈরালী মাছের পোনা উত্পাদনে সফলতা অর্জিত হয়। তিনি বলেন, স্বাদুপানি উপকেন্দ্রে গবেষণার পরিধি, যন্ত্রপাতি, জনবল, সুযোগ-সুবিধা বাড়ানো গেলে আরো সাফল্য অর্জন করা সম্ভব হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ জানান, সুস্বাদু বৈরালী মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উত্পাদন প্রযুক্তি উদ্ভাবনের ফলে বৈরালী মাছকে চাষের আওতায় আনা সম্ভব হবে। এতে মাছটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যাবে। তিনি আরো বলেন, খুব শিগিগরই এই প্রযুক্তি চাষি পর্যায়ে যাবে।