কোকা-কোলা ও তার পার্টনার কেয়ার বাংলাদেশ যৌথভাবে করোনা মোকাবিলায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) প্রদান করছে। করোনা মোকাবিলায় বাংলাদেশের চলমান কার্যক্রমের সহযোগিতার লক্ষ্যে কোকা-কোলা ঘোষিত সাড়ে ১১ কোটি টাকার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) কর্মকর্তাদের উপস্থিতিতে সম্প্রতি ঢাকায় এই পিপিই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএইচএস এর মহাপরিচালক প্রফেসর ড. আবুল কালাম আজাদ। দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তায়, কেয়ার বাংলাদেশ ঢাকা, কুমিল্লা এবং গাজীপুরে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ১ হাজারেরও বেশি পিপিই এবং অন্যান্য সুরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করেছে। এই কার্যক্রমের স্থানীয় বাস্তবায়নকারী অংশীদার হলো—সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক ইনহান্সমেন্ট প্রোগ্রাম (সিপ) ও ঢাকা আহছানিয়া মিশন। এ সময় কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিংহ, কোকা-কোলা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অজয় বাতিজা, গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বক্তব্য দেন। —প্রেস বিজ্ঞপ্তি
