শিশুশ্রমের হার বেশি স্বল্প আয়ের দেশগুলোতে

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:২৫

করোনায় ১২ লাখ

শিশুর ঝুঁকিপূর্ণ শ্রমের আশঙ্কা

ইত্তেফাক রিপোর্ট

স্বল্প-আয়ের দেশগুলোতে শিশুশ্রমের হার বেশি এবং তাদের সংখ্যা মধ্যম আয়ের দেশগুলোর চেয়ে বেশি। স্বল্প-মাধ্যম আয়ের দেশগুলোতে ৯ শতাংশ এবং উচ্চ-মাধ্যম আয়ের দেশগুলোতে তা ৭ শতাংশ। পরিসংখ্যানে দেখা যায়, ৮৪ মিলিয়ন শিশুশ্রমের সঙ্গে জড়িত যার ৫৬ শতাংশ বাস করে মধ্যম আয়ের দেশে এবং ২ মিলিয়ন বাস করে উচ্চ আয়ের দেশে।  তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ১২ লাখ শিশু বিভিন্ন প্রকার শ্রমের সঙ্গে জড়িত আছে। যদিও বাংলাদেশ শিশুশ্রমের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অর্জন অব্যাহত রয়েছে।

করোনা ভাইরাস মহামারীর কারণে অর্থনীতি ও শ্রমবাজার যে ক্ষতির সম্মূখীন হয়েছে তা মানুষের জীবন ও জীবিকার উপর বেশ প্রভাব ফেলছে। এ অবস্থায় শিশুরাই প্রথম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিমত দিয়েছেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। যেখানে ২০২১ সালে শিশুশ্রম নির্মূলের আন্তর্জাতিক বর্ষ নির্ধারণ করা হয়। বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন করোনা ভাইরাস আরও লাখ লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজের দিকে ঠেলে দিবে। এমনকি এখন যারা শ্রমের সঙ্গে জড়িত, তারাও বেশ ঝুঁকির মধ্যে আছে এবং আগের চেয়ে আরও বেশি সময় কাজ করতে হচ্ছে।

বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন আলোচনা সভা ও প্রচারাভিযানে এমন তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার, ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিথা ফোর, কোস্টারিকার শ্রমমন্ত্রী জ্যানিনা দিনার্তে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ এম্ফায়ার্সের মহাসচিব রবার্তো সুরেজ সান্টোস ও ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের মহাসচিব সারণ বুর্যে সংলাপে অংশগ্রহণ করেন। গ্লোবাল মার্চ এগেইনস্ট চাইল্ড লেবার এবং কৃষিক্ষেত্রে শিশুশ্রম সম্পর্কিত আন্তর্জাতিক অংশীদার (এইপিসিসিএলএ) এর যৌথ সহযোগিতায় দিবসটির ভার্চুয়াল প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।