বাফুফের উদাসীনতায় বরাদ্দের ১০ কোটি টাকা ফেরত যাচ্ছে

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:২৭

স্পোর্টস রিপোর্টার

গত অর্থবছরের বাজেটে ফুটবলের জন্য বরাদ্দকৃত ২০ কোটি টাকার মধ্যে ১০ কোটি তুলতে পারলেও বাকিটা বাফুফেরই ব্যর্থতায় এখন ফেরত যাচ্ছে।

বাফুফে সময়মতো এই সরকারি টাকাটা তুলতে পারেনি। সঙ্গত কারণেই এটি এখন ফেরত যাচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ তাগাদা দিয়ে দ্রুত টাকা গ্রহণ করার জন্য বাফুফেকে চিঠিও দিয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গতকাল জানিয়েছেন গত শুক্রবার সকালে তারা চিঠিটি পান। তিনি অবশ্য এই সপ্তাহের মধ্যেই বরাদ্দের এই টাকা উত্তোলনের ব্যাপারে আলোচনা করবেন বলে জানান। বাফুফে সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে বলেন, ‘আমরা যে টাকা গ্রহণ করার জন্য চেষ্টা করিনি তা না।’

আবু নাঈম সোহাগ জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় টাকা দেওয়ার আগে জানতে চেয়েছিল কীভাবে টাকাটা খরচ করা হবে। তিনি বলেন, ‘তারা চায় এফডিআর করে সেখান থেকে আয় দিয়ে কার্যক্রম পরিচালনা করার জন্য। আমরা বিষয়টা নিয়ে আবারও মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’

তিনি এ-ও জানান যে, মন্ত্রণালয় জুনের মধ্যেই টাকা গ্রহণ করতে বলেছে।

প্রথম ধাপে ১০ কোটি টাকা গ্রহণ করে বাফুফে। নিয়ম অনুযায়ী সেই অর্থ খরচ করার বিপরীতে প্রমাণপত্র দাখিল করতে হবে। কিন্তু প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে পারেনি বাফুফে। সোহাগ জানিয়েছেন, তারা কাগজপত্র দিয়েছেন ঠিকই কিন্তু কিছু কিছু ‘সাপোর্টিং ডকুমেন্টস মিসিং’ ছিল। তার মতে, ‘এটা অনেক সময় হয়। আমরা সবই দিয়ে থাকি কিন্তু যারা গ্রহণ করবেন তাদের চাওয়া অনুসারে না হলে পুনরায় দাখিল করতে হয়।’ উল্লেখ্য, প্রশাসনিক কর্মকাণ্ড চালানোর জন্য বাফুফেতে কর্মকর্তাদের বিশাল বহর রয়েছে। এদের পেছনে মাসে মাসে বড়ো অঙ্কের অর্থ খরচা করা হলেও প্রশাসনিক কর্মকর্তাদের উদাসীনতায় এখন প্রাপ্ত অর্থ ফেরত যাওয়ার পথে।