স্পোর্টস ডেস্ক
চোট কাটিয়ে মাঠে ফিরেছেন টটেনহ্যাম হটস্পার তারকা হ্যারি কেইন। তবে প্রস্তুতিমূলক ম্যাচে ফেরাটা খুব সুখকর হয়নি তার, নরউইচের কাছে ২-১ ব্যবধানে হেরেছে তার দল।
চলতি বছরের শুরুর দিনেই উরুর পেশিতে চোট ছিটকে দেয় টটেনহ্যাম ফরোয়ার্ডকে। সম্প্রতি নরউইচের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ৩০ মিনিট দীর্ঘ চার অর্ধের এক প্রস্তুতি ম্যাচে তিনি মাঠে নামেন। এরিক লামেলার গোলে এগিয়েও গিয়েছিল দল। এরপর নিজের শট ফেরে গোলপোস্টে লেগে, রাইটব্যাক সার্জি অরিয়ে নষ্ট করেন আরো একটি সুযোগ।
নরউইচ তারই সুযোগ নেয়। দুই গোল করে জয় নিশ্চিত করে তারা।
এই হারের পর অধিনায়ক হুগো লরিস জানিয়েছেন, আর কোনো ম্যাচ হারার সুযোগ নেই দলের সামনে। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমরা এখন ভালো অবস্থানে নেই। চেলসি থেকে ৭ আর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৪ পয়েন্টে পিছিয়ে আমরা। এমন সময়ে ভুলের কোনো সুযোগ নেই আমাদের। বিশেষ করে খেলাটা যখন ম্যানইউর মতো সরাসরি প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে, তখন তো আরো বেশি!’ আগামী ১৯ জুন নিজেদের মাঠ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে কোচ হোসে মরিনহোর দল।
