করোনায় মারা গেছেন পুলিশের ২৪ সদস্য

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:২৯

বিশেষ প্রতিনিধি

দেশে করোনা ভাইরাস মোকাবিলায় কর্মরত অবস্থায় আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত পুলিশের ২৪ জন সদস্য মারা গেছেন। এদের মধ্যে রয়েছেন ইন্সপেক্টর পদমর্যাদার চার জন কর্মকর্তা, এসআই ছয় জন ও এএসআই তিন জন, নায়েক একজন ও ১০ জন কনস্টেবল। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা।

তিনি জানান, করোনায় মৃত চার ইন্সপেক্টর হলেন পুলিশের বিশেষায়িত ইউনিট এসপিবিএন-২ এর ইন্সপেক্টর গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ জেলা পুলিশের সদর কোর্টের ইন্সপেক্টর ফজলুর রহমান, কুড়িগ্রাম জেলা পুলিশের পুলিশ লাইন্সের ইন্সপেক্টর মো. আব্দুল জলিল সরদার এবং ডিএমপির সিটিটিসির ইন্সপেক্টর রাজু আহম্মেদ।

এসআই পদমর্যাদার ছয় জন হলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্ররক্ষা শাখার এসআই নাজির উদ্দিন, সিটিএসবির এসআই মজিবুর রহমান ও এসআই রাসেল বিশ্বাস। এ তালিকায় আরো রয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুন্ড থানার এসআই একরামুল ইসলাম, রাজশাহী আরআরএফের এসআই মোশারফ হোসেন শেখ এবং ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগের এসআই সুলতানুল আরেফিন। এএসআই পদমর্যাদার তিন জন হলেন ডিএমপির পিওএম-দক্ষিণ বিভাগের এএসআই শ্রী রঘুনাথ রায় ও এএসআই আ. খালেক এবং সিএমপির এএসআই মোহাম্মদ মর্তুজা কাইয়ুম।

এছাড়া ডিএমপির এমটি শাখার নায়েক আল মামুন, হাজারীবাগ পুলিশ ফাঁড়ির কনস্টেবল আলমগীর হোসেন, ট্রাফিক-পূর্ব বিভাগের কনস্টেবল মো. জালাল উদ্দিন, ট্রাফিক-উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ, ওয়ারি ফাঁড়ির জসিম উদ্দিন।

সিএমপির হালিশহর থানার কনস্টেবল নেকবার হোসেন, ট্রাফিক বন্দর বিভাগের মো. নঈমুল হক এবং কনস্টেবল মামুন উদ্দিন, দিনাজপুরের বীরগঞ্জ থানার কনস্টেবল মো. আমিনুল হক ও চট্টগ্রাম জেলার সদর কোর্টের কনস্টেবল মোখলেছুর রহমান কর্মরত অবস্থায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

দুই পুলিশের পরিবার পেল অনুদান

করোনা ভাইরাসে জীবন উত্সর্গ করা দুই পুলিশ সদস্যের পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিএমপি কমিশনারের পক্ষ থেকে মিরপুর বিভাগের অফিস সহকারী নিরোদ চন্দ্র মন্ডলের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা। অপরদিকে ডিএমপি কমিশনারের পক্ষে রমনা বিভাগের কনস্টেবল আলমগীর হোসেনের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।