দেশে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ৩৯১ বাংলাদেশি

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:৩০

বিশেষ প্রতিনিধি

করোনা ভাইরাস মহামারির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ৩৯১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার। তিনি জানান, গতকাল শনিবার  ভোর ৪টা ৩৬ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। তবে দেশে ফেরার পর তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এর আগে গত ৩১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন সে দেশে আটকে পড়া ২৬২ জন।

করোনা মহামারির কারণে বিশ্বের বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন। এরই মধ্যে সৌদি আরব, থাইল্যান্ড, ব্রিটেন, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শ বাংলাদেশি দেশে ফিরেছেন।  গত ১ জুন থেকে সীমিত পরিসরে চালু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট। আর প্রায় তিন মাসের মতো বন্ধ থাকা আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে আগামী ১৬ জুন থেকে।