চট্টগ্রাম অফিস
সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ইন্তেকালে চট্টগ্রামের বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, নাসিম ছিলেন এক জন সত্যিকারের দেশপ্রেমিক, নিবেদিতপ্রাণ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। সংগঠন ও সংগঠনের নেত্রীর প্রতি তার আনুগত্য অনুকরণযোগ্য। তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি। সবসময় গণমুখী কর্মকাণ্ডকে তার জীবনের লক্ষ্য হিসেবে নিয়েছিলেন। পিতার মতো তিনিও ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের প্রতি নিবেদিতপ্রাণ। তার মৃত্যুতে বাংলাদেশ এক মেধাবী রাজনীতিবিদকে হারিয়েছে।
তার মৃত্যুতে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, এম এ লতিফ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, ওয়াশিকা আয়েশা খানম এমপি, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
