করোনাকালের লিমেরিক

আপডেট : ১৩ জুন ২০২০, ২২:০১

এই সময়ের ছড়া

ফারুক নওয়াজ

 

 ০১

 

বাইরে গেলেই করোনার ভয় তাই থাকি ঘরে বন্দি

জীবন বলছে বাঁচতে হলে তো করতেই হবে সন্ধি।

করোনা কি মানে সন্ধির রীতি...

বোঝে না সে কোনো প্রীতি-সম্প্রীতি

সে তো এক মহা নীরব ঘাতক জীবনের প্রতিদ্বন্দ্বী।

 

০২

 

জীবন এখন মরা ও বাঁচার ফাটা বাঁশে আছে আটকে

বিদায় দিয়েছি ভোরের বাতাস, প্রাতঃভ্রমণের মাঠকে

স্বেচ্ছাবন্দি ঘরের মধ্যে...

সময় কাটছে গদ্যে-পদ্যে

শোবার সঙ্গী করেছি এখন গীতবিতানের পাঠকে।

 

০৩

 

বহুদিন হলো প্রকৃতির সাথে সব যোগাযোগ বন্ধ

অলিন্দে এসে নিই মাঝে মাঝে বনতুলসীর গন্ধ

টবে ফুটে থাকা গোলাপি জবায়

হাত ছোঁয়াতেও থাকি শঙ্কায়;

হয়তো কোভিড ওত পেতে আছে; দোল খায় এই দ্বন্দ্ব।