মোবাইলসেবায় খরচ কমানো প্রয়োজন

আপডেট : ১৩ জুন ২০২০, ২২:০৪

ইন্টারনেটসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে নানামুখি উদ্যোগ নিয়েছে সরকার। ই-গভর্নেন্স এখন কেবল ধারণাই নয়, তার বাস্তব রূপ পেতে যাচ্ছে বাংলাদেশ। তার সুফলও ভোগ করতে শুরু করছে জনগণ। এমন অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে এবারের বাজেটের মোবাইলসেবার ওপর কর বৃদ্ধি। এবারের বাজেটে মোবাইলসেবায় সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে মোবাইলফোনের মাধ্যমে কেউ যদি ১০০ টাকার সেবা নিতে চান, তাহলে ৭৫ দশমিক শূন্য ৩ টাকার সেবা নিতে পারবেন। ২৪ দশমিক ৯৭ টাকা যাবে সরকারের পকেটে। বর্তমানে দেশে সচল সিমের সংখ্যা প্রায় ১৬ কোটি আর মোবাইলফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় দশ কোটি। এই বিশাল জনগোষ্ঠী বিভিন্ন কাজে মোবাইলসেবা গ্রহণ করে থাকে। অনলাইন ক্লাস, গবেষণা ও হোম অফিসসহ নানা কাজে তাদের নির্ভর করতে হয় ইন্টারনেটের ওপর। এছাড়া বিনোদনের একটা বড়ো মাধ্যম অনলাইন প­াটফর্ম। কিন্তু কর বৃদ্ধির কারণে ইন্টারনেটসেবা গ্রহণে নিরুত্সাহিত হবেন শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ, যা প্রভাব ফেলবে উন্নয়নের পথে। অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার অপরিহার্য। আর তাই মোবাইলসেবার ব্যয় সীমিত করা প্রয়োজন।

জাকারিয়া মোহাম্মদ

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়