করোনাকালে অনলাইনে লোকসংগীত উত্সব

আপডেট : ১৩ জুন ২০২০, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

করোনাকালে সবকিছুই হচ্ছে অনলাইনে। মিটিং, ব্রিফিং এবং আলোচনা সবকিছুই। সেই ধারায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও হচ্ছে অনলাইনে। ঘরে বসে কতক্ষণ আর থাকা যায়। তাই ঢাকঢোল খোল করতাল নিয়ে এ প্রজন্মের তরুণ শিল্পীরা আয়োজন করেছে লোকসংগীত উত্সবের। ‘দ্য মিউজিসিয়ানস’-এর আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উত্সব। চলবে ১৯ জুন পর্যন্ত। প্রতিদিন রাত ৮টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে ১১টা পর্যন্ত। এই উত্সবটি ‘দ্য মিউজিসিয়ানস’-এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এ বিষয়ে দ্য মিউজিসিয়ানসের পক্ষ থেকে শিল্পী গোবিন্দ দাস বলেন, শুধু গান শোনানোই এর একমাত্র উদ্দেশ্য নয়। শিল্পীরা জানাচ্ছেন, আগ্রহী শ্রোতারা ইচ্ছে করলে অর্থসহায়তা পাঠাতে পারেন। সেই টাকায় এই করোনাকালে কাজহীন বসে থাকা অসচ্ছল শিল্পীদের সহযোগিতা করতে চান উত্সবের উদ্যোক্তারা।

চলমান করোনার কারণে প্রায় তিন মাস ধরে বিশ্বব্যাপী বিরাজ করছে স্থবিরতা। বিশেষ করে এই মহামারির প্রভাব দিশাহারা করে ফেলেছে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের। শিল্পেই যাদের জীবন চলে তারা আজ কর্মহীন। গানের একাডেমিগুলোতে ক্লাস হচ্ছে না। কোনো স্টেজ শো নেই। টেলিভিশনে নতুন অনুষ্ঠান প্রায় নেই বললেই চলে। নেই ঘরোয়া আসরের আয়োজন। বাসায় বাসায় টিউশনি করে দুই পয়সা আয়ের পথও বন্ধ। এই হলো অসচ্ছল শিল্পীদের বর্তমান অবস্থা। উদ্যোক্তারা বলছেন, এই পরিস্থিতি বিবেচনা করে আয়োজন করা হয়েছে এই ‘অনলাইন চ্যারিটি ফোক ফেস্টিভ্যাল’। অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াতেই তাদের এই আয়োজন।

উদ্বোধনী দিনে ভাওয়াইয়া সংগীত পরিবেশন করেন রংপুরের শিল্পী তনু রায়। শুক্রবার দ্বিতীয় দিনে গান শোনান বাউল এরশাদুল হক, গতকাল শনিবার গান পরিবেশন করেন ফতেহ আলী খান আকাশ। আজ রবিবার মুসা কলিম মুকুল ও সোমবার গান গাইবেন জসীম উদ্দিন। এভাবেই পরবর্তী শুক্রবার পর্যন্ত টানা চলবে অনুষ্ঠান। ফেসবুক পেজ লিংক :https://www.facebook.com/ artiststhemusicians/। করোনায় অসহায় শিল্পীদের সহযোগিতা করতে পারেন এই বিকাশ নম্বরে :০১৫১৬১৪৮৪১২, রকেট :০১৫১৬১৪৮৪১২।