কালার প্যারেড ছাড়াই রানির জন্মদিন

আপডেট : ১৩ জুন ২০২০, ২৩:০৩

করোনা পরিস্থিতির মধ্যেই ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ গতকাল শনিবার তার অফিশিয়াল জন্মদিন পালন করলেন। তবে চলমান মহামারির কারণে বহু অনুষ্ঠান কাটছাঁট করা হয়। তার জন্মদিনে বিপুল জনপ্রিয় কালার প্যারেডও হয়নি। উইন্ডসর ক্যাসলে ওয়েলস গার্ডের কিছু আনুষ্ঠানিকতার  মধ্য দিয়ে পার হয় জন্মদিন। প্রতি বছর এই দিনটিকে ঘিরে যুক্তরাজ্যে ব্যাপক আয়োজন এবং আগ্রহ থাকে। রানিকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ জমায়েত হয়।

করোনাপরিস্থিতির কারণে রানি ও রাজপরিবারের সদস্যরা খানিকটা নিভৃতে দিন কাটাচ্ছেন। যে কয়েকটি দেশে করোনা মহামারি ব্যাপক আকার ধারণ করেছে তাদের মধ্যে ব্রিটেনও একটি। ফলে রাজপরিবার বহু বছরের প্রথা ভেঙে এই পরিস্থিতির মধ্যে জাঁকজমক করে জন্মদিন পালন করার সিদ্ধান্ত বাতিল করে। রানির দায়িত্ব পালনের ৬৮ বছরের ইতিহাসে জন্মদিনে লন্ডনের ঐতিহ্যবাহী প্যারেড না হওয়ার ঘটনা বিরল। গতকাল জন্মদিনের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা পালনের সময় রানি উইন্ডসর ক্যাসলের বাইরে একটি চেয়ারে বসে থাকেন। করোনার কারণে লকডাউন শুরু হওয়ার পর রানির এটি প্রথম প্রকাশ্যে আসা। এদিন রাজকীয় বাহিনী রানিকে স্যালুট প্রদান করে। পরে সংক্ষিপ্ত কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন রানি। সামাজিক দূরত্ব পালনের জন্য কুচকাওয়াজেও খুব স্বল্পসংখ্যক সদস্য অংশগ্রহণ করে।

উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রকৃত জন্মদিনটি হচ্ছে ২১ এপ্রিল। এই দিনেই তিনি জন্মগ্রহণ করেন। তবে প্রতি বছর জুন মাসেই ঘটা করে পালন করা হয় তার জন্মদিন। এর কারণ হলো, ব্রিটিশ রাজসিংহাসনে যেই থাকুক না কেন ঐতিহ্য মেনেই যুক্তরাজ্য তার অতিরিক্ত একটি জন্মদিন পালন করে। রাজা দ্বিতীয় জর্জ ১৭৪৮ সাল থেকে এই ‘অফিশিয়াল’ জন্মদিন পালনের রেওয়াজ শুরু করেন। দ্বিতীয় এই জন্মদিনটিতে ঐতিহ্য মেনেই রাজা বা রানি যিনিই সিংহাসনে থাকুন না কেন, তিনি নানা রঙে সজ্জিত সেনাদলের সঙ্গে কুচকাওয়াজে অংশ নেন। লন্ডনে রানির বাসভবন বাকিংহাম প্যালেস থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সেনাদলের কুচকাওয়াজ।