মহামারি করোনা ভাইরাসের কারণে যুক্তরাজ্যে আটকে পড়া আরো ১৫৩ জন বাংলাদেশি দেশে ফিরছেন। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের নির্দেশনায় তারা দেশে ফিরছেন। বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি ৪১০৬) লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশি যাত্রীদের বিদায় জানান। এ বিশেষ বিমানের ব্যবস্থা করায় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাইকমিশন দুটি ফ্লাইটের মাধ্যমে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের এ বিশেষ ফ্লাইটটি মূলত ইতালি প্রবাসী বাংলাদেশি যাত্রীদের রোম থেকে নিয়ে ঢাকায় ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু, লন্ডন মিশনের বিশেষ অনুরোধে বাংলাদেশ সরকার বিমানটিকে রি-রুট করে লন্ডন হিথ্রো হয়ে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে ঢাকা যাওয়ার নির্দেশনা দেয়।
