ছেলের মতোই অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন সাংবাদিক নান্নু

আপডেট : ১৩ জুন ২০২০, ২৩:১৬

অবশেষে ছেলের পথ ধরেই না ফেরার দেশে চলে গেলেন দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসো-সিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নাননু। শনিবার সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লা­হি...রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর আফতাবনগরের জহিরুল ইসলাম সিটির নিজ ফ্ল্যাটে আগুনে পুড়ে মারাত্মকভাবে দগ্ধ হন নাননু। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। ফ্ল্যাটটির একই কক্ষে গত ২ জানুয়ারিতেও আগুনে দগ্ধ হয়ে মারা যান নাননুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস। ৩১ মে মেরামত শেষ হওয়ার পর স্ত্রী ও শাশুড়িকে নিয়ে আবার ঐ ফ্ল্যাটে ওঠেন নাননু। এরপর দুই সপ্তাহ না যেতে নাননুকে তার ছেলের পরিণতি ভোগ করতে হলো। শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নাননুর স্ত্রী শাহীনা হোসেন পল্ল­বী কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাড়ি নির্মাণে ডেভেলপার কোম্পানির ত্রুটির কারণে আমি আমার স্বামী-সন্তান দুই জনকেই হারালাম। এ ঘটনায় নাননুর স্ত্রী বাড্ডা থানায় একটি অভিযোগ করেছেন।

বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান, ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। আশপাশের ফ্ল্যাটের লোকজন জানিয়েছেন, রাতে স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়ার শব্দ তারা পেয়েছেন। এর পরই আগুনের ঘটনা ঘটে। আগুনের উত্পত্তি কোথা থেকে সেটি খতিয়ে দেখা হবে।

নাননুর মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের। তিনি বলেন, একই বাসায় একই রুমে একই ধরনের ঘটনায় পরপর ছেলে ও বাবার মৃত্যুর ঘটনাটিকে দুর্ঘটনা বলা যাবে না। কর্তৃপক্ষকে ঘটনটি তদন্তের আহ্বান জানান তিনি।

এদিকে নাননুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ, বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, দৈনিক যুগান্তরের প্রকাশক সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, ক্র্যাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু প্রমুখ।